বেসরকারি শিক্ষক কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা ঘোষণা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২১:৫৭

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা দেয়ার ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষক-কর্মচারীরা। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা চত্বরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাশিস কেন্দ্রীয় সহ-সভাপতি রনজিত্ কুমার নাথ। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী। সংগ্রাম কমিটির আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আঞ্চলিক নেতৃবৃন্দের মধ্যে শান্তিরঞ্জন চক্রবর্ত্তী, আকম শহীদুল্লাহ মানিক, সৃষ্টিব্রত পাল, মহানগরীর সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, দেবেশ দাস প্রমুখ। আন্দরকিল্লা চত্বরে সমাবেশ শেষে আনন্দ মিছিল নগরীর রাজপথ প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

গৌরীপুর (ময়মনসিংহ): বিশাল আনন্দ মিছিল গৌরীপুর উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, পাইলট বালিকার প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার প্রমুখ।

রংপুর: বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি রংপুর উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), রংপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আতিয়ার রহমান প্রামাণিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা প্রবীণ শিক্ষক নেতা মাসুম হাসান, আঞ্চলিক সভাপতি মোঃ আবুল মুযন আজাদ, সধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, মহানগর সভাপতি আয়শা সিদ্দিকা প্রমুখ।

পটুয়াখালী: শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষক-কর্মচারীরা শহরে আনন্দ মিছিল বের করেন। পরে পিডিএসএ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সমন্বয়ক আব্দুল করিম মৃধা ডিগ্রি কলেজের অধ্যাপক আবদুস ছালাম ভুঁইয়া, বাকশিস’র সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার খাসকেল, জেলা শিক্ষক সমিতির সভাপতি লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সেলিম, জেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল, স্বাধীনতা শিক্ষক পরিষদের সমন্বয়কারী মোঃ সেলিম মৃধা প্রমুখ।

মাগুরা: বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের নোমানী ময়দান শহীদ স্মৃতি ফলক প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এরপর চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।   

গোপালগঞ্জ: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, কর্মচারীদের ২০% বৈশাখী ভাতা ও ৫% বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জ জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার দুপুরে আনন্দ মিছিল করা হয়।

গোপালগঞ্জ প্রেসক্লাব থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাহে আলম, সাধারণ সম্পাদক নিহার কান্তি বাছার প্রমুখ বক্তব্য রাখেন।

বিরামপুর (দিনাজপুর): একই দিন বিরামপুর উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আনন্দ সমাবেশ ও র্যালি করেছেন। স্থানীয় ঢাকা মোড় থেকে র্যালি নিয়ে শিক্ষক-কর্মচারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা মোড়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারুক-ই-আজমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেটরা কলেজের অধ্যক্ষ আবু তাহের, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জাল হোসেন প্রমুখ।

নড়াইল: নড়াইলে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার উদ্যোগে নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল (ভিসি স্কুল) চত্বর থেকে শিক্ষকরা আনন্দ মিছির বের করেন। পরে শিল্পকলা একাডেমি চত্বরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মহিদুর রহমান মুরাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র প্রমুখ।

সেনবাগ (নোয়াখালী): সেনবাগ উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারীরা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন। পরে থানা মোড়ে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস সাত্তার বিএসসি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বিএসসি প্রমুখ।

চিতলমারী (বাগেরহাট): উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা চত্বর থেকে আনন্দ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় এক পথসভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. শাহজান সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএমএ সোয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার প্রমুখ

ফুলবাড়ী (কুড়িগ্রাম): আনন্দ র্যালিটি উপজেলার কাঁচারী মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচারী মাঠে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, প্রধান শিক্ষক আজিজার রহমান প্রমুখ।

ঘোড়াঘাট (দিনাজপুর): আনন্দ র্যালি করেছেন ঘোড়াঘাট উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ ওয়াছেকুর রহমান রেজওয়ান, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মো. রেজা ও সুরাইয়া আক্তার, কুলানন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল আলম সরকার প্রমুখ।