বরিশালে চিকিৎসক-নার্সসহ ৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৯:১২

বরিশাল জেলায় নতুন করে একজন চিকিৎসক, একজন নার্সসহ পাঁচজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত বরিশালে সাতজন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুরে নতুন পাঁচজন রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় ৭০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে ৩০ জনের পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এসেছে। ফলাফল অনুযায়ী গত ১২ এপ্রিল মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় দুইজন এবং ১৩ এপ্রিল গৌরনদীতে একজন, আগৈলঝাড়ায় একজন ও বাবুগঞ্জ উপজেলায় তিনজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ এরা সবাই করোনা ভাইরাসে আক্রান্ত।

আরো পড়ুন: কুমিল্লায় নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত

তিনি বলেন, সোমবার শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে গৌরনদীতে ৬০ বছরের এক নারী, আগৈলঝাড়ায় এক নারী চিকিৎসক ও বাবুগঞ্জে তিনজনের মধ্যে একজন নার্স, হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী (অফিস সহকারী) একজন ও আরেকজন নারী রয়েছেন।

ইত্তেফাক/এএএম