আড়াইহাজার থানা পুলিশ ৬ বস্তা গাঁজাসহ ফারুক হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রাজনগর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, পুলিশের নিকট গোপনে খবর আসে বিশনন্দী ফেরিঘাট দিয়ে মাদকের একটি বড় চালান আসতে পারে। এই খবরের ভিত্তিতে পুলিশের কয়েকটি টিম তাদের ঘেরাও করে একটি প্রাইভেট কারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার করে। ৬টি বস্তায় ৪০ কেজি গাঁজা রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
