পাবনা-৪ আসন শূন্য ঘোষণার প্রজ্ঞাপন

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:৩০

৯০ দিনের মধ্যে নির্বাচন করবে ইসি

ইত্তেফাক রিপোর্ট

পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু এমপির মৃত্যুজনিত কারণে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনটিকে শূন্য ঘোষণা করা হয়েছে। গত সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিক এক প্রজ্ঞাপনে আসনটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য ঘোষণার প্রজ্ঞাপন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। গত ২ এপ্রিল ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।