পটুয়াখালী প্রতিনিধি
করোনা সংক্রমণ থেকে ঝুঁকিমুক্ত রাখতে দেশে প্রথমবারের মতো পটুয়াখালী নদী বন্দরে যাত্রীবাহী বিলাসবহুল ‘এ. আর খান’ লঞ্চকে ভাসমান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এই ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটে ৪০টি ডাবল ও ৩৮টি সিঙ্গেল কেবিন রয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের চিকিত্সা ও দেখভাল করার জন্য রয়েছেন চিকিত্সক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটে কর্মরতদের সুরক্ষার জন্য জেলা প্রশাসক তাদের মাঝে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী প্রদান করেন বলেও তিনি জানান।
