অনির্দিষ্টকাল পেছাবে আইপিএল

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:৪২

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ভাগ্যে তালা লাগিয়ে দেওয়ার সময় চলে এসেছে। ভারতের সরকারি ঘোষণা অনুযায়ী এটা নিশ্চিত যে, করোনা ভাইরাসের প্রকোপে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে।

আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু, করোনা ভাইরাসের প্রকোপে প্রথমে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এরপর ভারতকে ২১ দিনের জন্য লকডাউন করে দেওয়া হলে আরো পিছিয়ে যায় এই টুর্নামেন্ট। এবার লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার পর আবারও পিছিয়ে গেল আইপিএল। আইপিএল একবার বাতিল হলেই ৪ হাজার কোটি রুপি লোকসানের মুখে পড়বে বিসিসিআই, তাই কোনো আনুষ্ঠানিক ঘোষণাও আসছে না।

এখন অনির্দিষ্টকালের জন্য এই টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সামনে। লকডাউনের ফলে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুুলি, সচিব জয় শাহসহ বোর্ডের শীর্ষ কর্তারা টেলিফোনে কনফারেন্স কলের মাধ্যমে বিশেষ এক বৈঠকও করেন। সেই বৈঠকের সিদ্ধান্তগুলো জানানোও হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে।

নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে বিসিসিআই এবারের আইপিএলকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তবে, একই সঙ্গে এটাও সত্যি যে চলতি বছরেরই শেষভাবে এই টুর্নামেন্টটি আয়োজনের জন্য কোনো সময় ফাঁকা পাওয়া যায় কি না, সেটাও দেখা হচ্ছে।’