স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের মতো ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন। নিজেদের অবস্থান থেকে করোনা মোকাবিলায় শামিল হচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে বেতনের অর্ধেক করোনা তহবিলে দিয়েছেন মুশফিকুর রহিমও। এবার নিজ জেলা বগুড়ার সদর থানার স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।
বগুড়া সদর থানার স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০টি পিপিই, ২০০টি মাস্ক ও ২০০টি হ্যান্ড গ্লাভস দিয়েছেন মুশফিক। গতকাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল এই চিকিত্সক বলেছেন, ‘মুশফিক ২০০টি হ্যান্ড গ্লাভস, ২০০টি মাস্ক, ২০০টি পিপিই স্বাস্থ্যকর্মীদের জন্য। ইতিমধ্যে এসব আমাদের হাতে চলে আসছে। কাছাকাছি যারা আছে তাদের বিতরণ করেছি। বাকিদের আস্তে আস্তে দিয়ে দেব।’ তিনি আরো বলেন, ‘সদরে যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করে, তৃণমূলে যারা কাজ করে তাদের জন্য। কারণ, তারা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায়। যারা সর্দি-কাশির কাজটা করছে, তাদের প্রতি সবার খেয়াল কম। তাদের সুরক্ষা দেওয়া উচিত। তাই আমি অনুরোধ করেছিলাম। সঙ্গে সঙ্গে মুশফিক সেটাকে গ্রহণ করেছে এবং এসব সরঞ্জাম ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছে।’
