শায়েস্তাগঞ্জে যুবককে জিম্মি করে রাখার অভিযোগে আটক ৫

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২১:৫৮

শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুলসুনাম থেকে আশরাফুল ইসলাম নামে এক যুবককে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।

গত রবিবার রাতে পৌরসভার মহলুলসুনাম এলাকায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমানের নেতৃত্বে এসআই কমলা কান্তি মালাকারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় জিম্মিদশা থেকে বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের মাফিজ উল্লাহর ছেলে আশরাফুল ইসলামকে উদ্ধার করা হয়। জিম্মি করে রাখার অভিযোগে আটক করা হয় হোটেল কর্মচারীসহ ৫জনকে।

গতকাল সোমবার আটককৃত হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালী গ্রামের ছমিউর রহমানের পুত্র কামাল মিয়া, হোটেল কর্মচারী বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আওলাদ মিয়ার পুত্র কাউছার মিয়া, বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড়ার মনিষ দাশের পুত্র সমির দাশ, একই উপজেলার সফুর মিয়ার ছেলে আল-আমি, শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের তমিজ উদ্দিনের পুত্র আল-আমিন ও নোয়াহাটির মোবারক আলীর পুত্র আজদু মিয়া কোর্টে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্তি মালাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশরাফুল ইসলামের স্বজনদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।