ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:৫২

ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী ওবায়দুল হক টুটুলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার ফেনী পৌরসভার উত্তর বারাহীপুর ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। টুটুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার দেড় বছরের একটি মেয়ে আছে। তিনি ঐ এলাকার গোলাম মাওলা ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে কুমিল্লার জেলার গুণবতী এলাকার আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে টুটুলের প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে আর্থিক অসচ্ছলতা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। এর মধ্যে টুটুল তার স্ত্রীর পরিবার থেকে বেশ কিছু টাকাও নেয়। আরো টাকার জন্য চাপ দিলে তারা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গতকাল ফেসবুক লাইভে এসে টুটুল তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে টুটুল নিজেই পুলিশকে মোবাইলে ফোনে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহূত দা ও মোবাইল জব্দ করে।

ঘাতক টুটুল ফেসবুক লাইভে বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন, আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস। যার কারণে ধ্বংস আজকে তারে আমি এ মুহূর্তে ধ্বংস করে দিলাম। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, পারি নাই। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমি আমার আজকের এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী। সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা ভাইরাল করেন।’ টুটুলের মা লুত্ফর নাহার জানান, ছেলের বউয়ের অন্য কারো সঙ্গে পরকীয়া প্রেম ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।