কুষ্টিয়ার খোকসা উপজেলার কাদিরপুর পশ্চিমপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম পুষ্পিতা দাস (১৫)। সে খোকসার শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে পুষ্পিতার সত্ মামা প্রদীপ হঠাত্ তাদের বাড়িতে প্রবেশ করে এবং অতর্কিতভাবে পুষ্পিতার ওপর আক্রমণ চালায়। পুষ্পিতার ওপর উপর্যুপরি হামলা ও হাতুড়ি দিয়ে মাথায় পেটালে সে রক্তাক্ত জখম ও গুরুতর আহত হয়। এক পর্যায়ে সে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। মাথায় গুরুতর আঘাতের কারণেই পুষ্পিতা নিহত হয় বলে প্রাথমিকভাবে চিকিত্সক ধারণা করেন। হত্যাকাণ্ডের পর প্রদীপ পালিয়ে যায়। এলাকাবাসী প্রদীপকে ধাওয়া করে আটকের চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে হত্যাকাণ্ডের সঠিক কারণ পুলিশ জানাতে পারেনি। তবে পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঐ স্কুলছাত্রী মুদি ব্যবসায়ী গৌতম দাসের মেয়ে। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
খোকসা থানার ওসি মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
