পার্বতীপুরে কালবৈশাখীতে ডাল ভেঙে নার্স নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২৩:৫৮

দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে ইতিরানী রায় (৩০) নামে এক স্টাফনার্স নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার স্বামী মৃণাল কান্তি। গতকাল বুধবার পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের চান্দাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ইতিরানী পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফনার্স এবং পার্বতীপুর উপজেলার দুর্গাপুর খামারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গতকাল বাড়ি থেকে স্বামী মৃনাল কান্তির মোটরসাইকেলে কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল ইতিরানী। তারা চান্দাপাড়া নামক স্থানে পৌঁছালে প্রচণ্ড ঝড়ে তাদের ওপর একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে। এতে স্বামী-স্ত্রী দুজনেই আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইতিরানীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত মৃনাল কান্তি পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহিল এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, গতকালের হঠাত্ কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ভুট্টা, বোরো ধান, আম ও লিচুর ক্ষতি হয়েছে।