চাল চোরদের গুদামে হানা

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০২:০০

করোনা ভাইরাসের মহামারির কারণে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে সরকারঘোষিত ১০ টাকা কেজির চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অবস্থায় চাল চুরি ঠেকাতে, টিসিবির পণ্য কালোবাজারি বন্ধে ও জড়িতদের গ্রেফতারে কঠোর কর্মসূচি নিয়েছে সরকার। গত সোমবার রাত থেকে দেশের বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট, পুলিশ ও র্যাব অভিযান চালিয়েছে গুদামে। গতকাল বুধবার পর্যন্ত চলা এ অভিযানে ২৪ মেট্রিক টন চাল, টিসিবির ১৬১ লিটার সয়াবিল তেল, ৬০০ কেজি ছোলা ও ১০০০ কেজি চিনি জব্দ করা হয়। এ সময় বেশ কয়েকজন ডিলারকে জরিমানা, কারাদণ্ড প্রদান এবং তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।

চাল বিতরণে অনিয়ম ও কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দল থেকে কয়েক জনকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো খবর:

ইত্তেফাক রিপোর্ট, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে চার জন ইউপি চেয়ারম্যান ও পাঁচ জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যানরা হলেন : পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান মো. কোরবান আলী, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান মো. আবদুস সালাম, বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ও বরিশালের মেহেন্দিগঞ্জের ১ নম্বর আন্দারমানিক ইউপি চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, তারা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার থেকে দেওয়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত্ অথবা ভিজিডির চাল আত্মসাত্ অথবা জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকার থেকে দেওয়া খাদ্যশস্য বিতরণ না করে আত্মসাতের কারণে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

নড়াইল: টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুত রাখার অভিযোগে এক ডিলারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের টিসিবির ডিলার পরিতোষ কুণ্ডু এবং ব্যবসায়ী লিটন সিকদারকে আটক করা হয়। লিটন সিকদারের দোকানের গুদাম থেকে টিসিবির সিলযুক্ত ২৪ বস্তা (৬০০ কেজি) ছোলা এবং ১৮ বস্তা (৯০০ কেজি) চিনি উদ্ধার করা হয়।

নওগাঁ: সদরের বর্ষাইল ইউপি চেয়ারম্যানের ভাতিজা ডিলার আবু সাঈদ ও তার শ্যালক আবদুর রউফের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭০ বস্তা চাল (৫ হাজার ১০০ কেজি) জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। অভিযানে সাঈদের বাড়ি ঝাড়গ্রাম থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়।

জামালপুর: মেলান্দহে ভ্রাম্যমাণ আদালত একটি বাড়ি থেকে ৫০০ কেজি চাল জব্দ করেছে। গতকাল বিকালে নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় জাহানারা নামে এক নারীকে আটক করে তাকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সখীপুর (টাঙ্গাইল): চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকারের লাইসেন্স বাতিল ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ইউএনও আসমাউল হুসনা লিজা নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।

চৌহালী (সিরাজগঞ্জ): উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উমারপুর ইউনিয়নের ডিলার আব্দুল হাই ভুট্টোর বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগে উঠেছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলে ডিলার আব্দুল হাই ভুট্টো অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

মনপুরা (ভোলা): কাউছার নামের এক ব্যবসায়ীর বসতঘর থেকে মঙ্গলবার রাতে ১২ বস্তা (৩০ কেজি) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় পুলিশ কাউছার, হারুন ও আলী আজগর নামে তিন জনকে আটক করেছে। তবে মূলহোতা ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রব পাটোয়ারী পলাতক রয়েছে।

মোংলা (বাগেরহাট) :সোমবার গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোডসংলগ্ন বাগেরহাট জেটি থেকে ১৬ বস্তা (৪৮০ কেজি) চাল উদ্ধার করা হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম): সোমবার রাতে রিলিফের চালসহ ব্যবসায়ী ময়ফল ইসলামকে আটক করা হয়েছে। তার ঘর তল্লাশি করে ৮৭ কেজি চাল উদ্ধার করা হয়।

চন্দনাইশ (চট্টগ্রাম) :গতকাল সাতবাড়িয়াস্থ যতরকুল জামে মসজিদের মুয়াজ্জিন মওলানা জহিরুল ইসলামের (৩১) রুমে অবৈধভাবে রাখা ৫০ বস্তা পেঁয়াজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গৌরনদী (বরিশাল) :চাল কালোবাজারে বিক্রির ঘটনায় সোমবার রাতে খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ৫৪ বস্তা চালসহ (১৬২০ কেজি) ডিলার প্রদীপ দত্ত, চাল ক্রেতা মুদি ব্যবসায়ী পঙ্কজ সাহা, চালবাহী ভ্যানচালক শঙ্কর পালকে আটক করেছে পুলিশ। ডিলার প্রদীপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের পুত্র। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ডিলার প্রদীপ ও পঙ্কজকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ঈশ্বরদী (পাবনা): সোমবার গভীর রাতে মুলাডুলি ইউনিয়নের ভাটাপাড়া গ্রাম থেকে ডিলার উত্পল সরকার এবং মোহাম্মদ খোকনকে গ্রেফতার করা হয়। এ সময় চার বস্তা (১২০ কেজি) চাল, দুই বস্তা মসুরের ডাল এবং চার বস্তা ছোলা উদ্ধার করা হয়।

বেড়া (পাবনা): র্যাব অভিযান চালিয়ে ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীকে ২২৯ বস্তা ভিজিডির সরকারি চালসহ (৬৮৭০ কেজি) গ্রেফতার করেছে। গত সোমবার রাতে মাসুমদিয়া ইউনিয়নের বাঁধেরহাটের গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ এবং দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, বগুড়া: গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল ইসলামের হেফাজত থেকে ৬২ বস্তা (১৮৬০ কেজি) চাল জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে রুবেল মিয়া ও নজরুল ইসলাম নামে দুই জনকে। অপর এক ঘটনায় গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ীর ডিলার ওয়াজেদ হোসেনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

মিঠাপুকুর (রংপুর): টিসিবির ১৬১ লিটার সয়াবিন তেল ও ১৮ বস্তা চিনি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার শঠিবাড়ি বাজারে বদিউজ্জামান ওরফে পাতু ও নওয়াব আলী নামে দুই ব্যবসায়ীর গুদামঘর থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় ঐ দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

কাপাসিয়া (গাজীপুর): ওজনে কম চাল দেওয়ায় ত্রিমোহনী এলাকায় মঙ্গলবার দুপুরে ডিলার জুয়েলকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, চাল নির্দিষ্ট উপকারভোগীদের কাছে বিক্রি না করে অন্যত্র বিক্রির অভিযাগে এক নারী ইউপি সদস্যকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

পূর্বধলা (নেত্রকোনা): বুধবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা থেকে চার (১২০ কেজি) বস্তা চাল জব্দ করা হয়। পরে উপজেলার জটিয়াবর গ্রামের আতিক সরকারের চাল কল থেকে ১৫ বস্তা (৪৫০ কেজি) ও জামকোনা গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে আট বস্তা (২৪০ কেজি) চাল উদ্ধার করে।

কিশোরগঞ্জ: কুলিয়ারচরে সরকারি ৫৮ বস্তা চালসহ (১৭৪০ কেজি) ডিলার নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে ফরিদপুর ইউনিয়নের মাজার শরীফের উত্তরপাশে ডিলারের অস্থায়ী খাদ্যগুদামে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

করিমগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১ হাজার ২৫০ কেজি চালসহ ধান-চালের ব্যবসায়ী বাচ্চু মিয়া ধরা পড়েছে। তার বাড়ি করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি এলাকায়। তাকে গতকাল দুপুরে চামটা নৌবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সিঙ্গাইর (মানিকগঞ্জ): চাল মজুত রাখার অভিযোগে ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ডিলার আবু বকর সিদ্দিক ওরফে বরকত উল্লাহর পর এবার ছয় বস্তা চাল মজুত রাখার অভিযোগে জামির্ত্তা ইউনিয়নের ক্ষমতাসীন দলের আরেক ডিলার রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। ডিলার রফিকুল ইসলাম জামির্ত্তা চন্দনগর গ্রামের হাসেম আলী পত্তনদারের ছেলে।

সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ীতে চাল ওজনে কম দেওয়ায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক স্বপনের ডিলারশিপ বাতিল করেছে প্রশাসন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ডিগ্রিরবন্দ ফাজিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি।

কুমিল্লা: চাল বিতরণে অনিয়মের দায়ে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার আবদুস সামাদ মেম্বার এবং মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ডিলার নুরুজ্জামান সরকারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন থেকে ঐ অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জ: বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম খানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। ওজনে কম চাল দেওয়ায় সোমবার তাকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

হোসেনপুর (কিশোরগঞ্জ): উপজেলায় ত্রাণের ২২ বস্তা (৬৬০ কেজি) চালসহ আশরাফুল ইসলাম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোবিন্দপুর ইউনিয়নের জনতাবাজার থেকে তাকে আটক করা হয়।

চাঁদপুর: সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানার শহরের বাসা থেকে দুই টন (৩০ কেজি ওজনের ৬৭ বস্তা) ত্রাণের (জিআর) বরাদ্দের চাল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমার তত্ত্বাবধানে পিকআপ ভ্যান দিয়ে চালগুলো উদ্ধার করে সদর উপজেলার গোডাউনে নিয়ে রাখে।

চাটমোহর (পাবনা): উপজেলার ফৈলজানা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চাল লুটের অপচেষ্টার অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতাসহ তিন জনকে আটক করেছে।

ইত্তেফাক/বিএএফ