মোদির সঙ্গে অমিল থাকলেও এখন লড়াই না: রাহুল গান্ধি

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৭:০৭

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়ে চলছে। বাড়ছে মৃত্যুও। এমন সময় ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক সিদ্ধান্তের বিরোধিতা করলেও এখন লড়াই করার সময় নয় বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। 

বৃহস্পতিবার করোনা ভাইরাস প্রতিরোধে দেশটির সরকারের পাশে থাকাতে চান বলে জানিয়েছেন রাহুল গান্ধি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে পরামর্শও দিয়েছেন তিনি। ভিডিও-কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ভাইরাসটি প্রতিরোধে ক্ষমতার আরও বেশি করে বিকেন্দ্রীকরণ প্রয়োজন। রাজ্যের হাতে আরও ক্ষমতা তুলে দেওয়া দরকার। প্রধানমন্ত্রীর উচিত রাজ্যগুলোর সঙ্গে আরও বিস্তর আলোচনা করা। কিন্তু একটা কৌশল অবলম্বন করে কাজ করেন প্রধানমন্ত্রী। আর আমাদের সেই কৌশল অনুসরণ করতে হয়।

তিনি বলেন, কোভিড-১৯-কে নিয়ন্ত্রণ করা যাবে না। ধাপে ধাপে এর প্রকোপ কমাতে হবে। এর জন্য রাজ্যের আরও ক্ষমতায়ন প্রয়োজন।

তবে এসব বিষয়ে মোদি সরকারের সমালোচনা করতে চান না বলে জাানিয়েছেন কংগ্রেসের এই এমপি। তিনি জানিয়েছেন, আমি এখন প্রশ্ন করতে চাই না, এই পরিস্থিতি কেন হল? কিন্তু যত্রতত্র নমুনা পরীক্ষা আবশ্যিক। যাতে নন-হটস্পট এলাকা, হটস্পটে রূপান্তর হতে না পারে। কোনওরকম বিতণ্ডা ছাড়াই, আমি একটা গঠনমূলক পরামর্শ দিলাম। 

আরও পড়ুন: প্রথম যে নারী করোনা ভাইরাস আবিষ্কার করেন

তিনি বলেন, নমুনা পরীক্ষা মানে আমরা ভাইরাসের পিছনে দৌড়ব। সেই দৌড়ে ভাইরাসকে পরাজিত করতে হবে। আমাদের আরও বেশি নমুনা পরীক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর অনেক সিদ্ধান্তের বিরোধিতা করি। কিন্তু এখন লড়াই করার সময় নয়। 

 

ইত্তেফাক/আরআই