কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার এক যুবকের (২৭) শরীরে করোনা শনাক্ত হয়েছে। পেশায় তিনি রাজমিস্ত্রী। এ ঘটনায় পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের আলী আকবরের মালিকানাধীন পুরো কলোনীসহ ছয় বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। এদিকে দাউদকান্দিতে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, জ্বর-সর্দি-কাশি নিয়ে শনিবার ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সন্দেহভাজন করোনা রোগী হিসেবে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। বুধবার সন্ধ্যায় রিপোর্ট জানা যায়। তাৎক্ষনিক প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে একটি কক্ষে আলাদাভাবে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়। বৃহস্পতিবার তার সঙ্গে থাকা আরও ছয়জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের নেতৃত্বে মেডিকেল টিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘ওই যুবক যে কলোনিতে থাকতো, ওই কলোনিসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। তার পরিবারের খাবারের দায়িত্ব উপজেলা প্রশাসন গ্রহণ করেছে’।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানানা, দাউদকান্দি উপজেলার তিন গ্রামে ৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের বাড়ি লক ডউন করা হয়েছে।
ইত্তেফাক/এসি
