নতুন বছরের ভাবনা

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৩৫

আমাদের চিন্তাচেতনার পরিবর্তন খুব জরুরি। নতুন এই বছরে আমরা সেবাপরায়ণ হওয়ার চেষ্টা করব। আমাদের মা-বাবাদের উচিত ছেলেমেয়েকে শেখানো সেবা করা পরম ধর্ম। প্রতিটি ধর্ম মানবসেবার ওপর গুরুত্ব দিয়েছে। সেবা করার মন-মানসিকতা আমাদের অল্প বয়স থেকে সৃষ্টি করতে হবে। আমরা প্রতিদিন নিজের জন্য কত কিছু করছি। নিজের সম্মান বৃদ্ধির জন্য মাঝেমধ্যে অনেক টাকা অপব্যয় করে থাকি। আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে কিছু টাকা যদি মানবসেবার কাজে ব্যয় করি, তাহলে কিছু মানুষের উপকার হয়। প্রতিবেশী যদি ভালো না থাকে, সমাজে বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন যাঁরা চাইলে দেশের জন্য অথবা দেশের মানুষের জন্য অনেক কিছইু করতে পারেন।  আমরা অনেকে অনেক কিছু বলি অথবা লিখি। আবার অনেকে মানবসেবার ওপর সুন্দর বক্তব্য রাখি, কিন্তু বাস্তবে আমাদের কথার সঙ্গে কাজের মিল খুঁজে না পাওয়া খুবই বেদনাদায়ক। আমরা শুধু নিজের জন্য জন্মগ্রহণ করি নাই। সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। নতুন কিছু করার মানসিকতা প্রত্যেকের থাকা উচিত। নতুন বছরে আমাদের চলার পথ সুন্দর ও আনন্দময় হোক—পরিশেষে, এটাই প্রত্যাশা।

রূপম চক্রবর্ত্তী

পূর্বনলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম