করোনা ভাইরাস মোকাবিলায় নানামুখী উদ্যোগ নিয়ে দেশবাসীর পাশে দাঁড়াচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মিরপুরে অসহায়দের খাবার বিতরণের পর এবার নিজ জেলা বাগেরহাটের মানুষের পাশে দাঁড়ালেন রুবেল হোসেন। বাগেরহাটের গণমানুষের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য ২০টি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিয়েছেন জাতীয় দলের এই অভিজ্ঞ পেসার।
গত ১৫ এপ্রিল রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন রুবেল। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে আটটি, পুলিশ বিভাগকে ছয়টি, জেলা প্রশাসনকে তিনটি, বাগেরহাট পৌরসভাকে একটি এবং সদর উপজেলা পরিষদকে দুইটি ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দেওয়া হয়েছে। বাগেরহাটের বিভিন্ন চেকপোস্ট এলাকায় পুলিশ এটি ব্যবহার করবে।
করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হলো জ্বর। এই লক্ষণ শনাক্ত করতে থার্মাল স্ক্যানার ব্যবহূত হচ্ছে গোটা পৃথিবীতে। যা মানবদেহের কাছাকাছি আনলেই শরীরের তাপমাত্রা পরিমাপ করে দেয় মুহূর্তেই। লেজার ও ইনফ্রারেড রশ্মির মাধ্যমে কোনো স্পর্শ ছাড়াই মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা যায় এই থার্মোমিটার দিয়ে।
থার্মাল স্ক্যানার হস্তান্তরের ছবিসহ পোস্টে রুবেল লিখেছেন, ‘আমার কাছে মনে হলো ইনফ্রারেড থার্মাল স্কানার দিয়ে একটু সহযোগিতা করি। এতে করে শরীরের স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা যায় আর নির্ণয় করলেই সবাই যে দুশ্চিন্তায় আছেন একটু হলেও মুক্তি পাওয়া যায়।’
