বরিশালে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৫২

মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের খলিশাপাড় গ্রামে জাফর খান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার খলিশাপাড় গ্রামের নয়াভাঙ্গুলী খালপাড়ে একটি গাছের সঙ্গে জাফর খানের ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনা ধামাচাপা দিতে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের। জাফর ঐ গ্রামের ইউনুস খানের ছেলে।

কাজীরহাট থানার ওসি আনিসুল ইসলাম বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিবার থেকে এ পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। ভাষানচর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু জানান, জাফরের মা তার কাছে একই অভিযোগ করেছেন। এ বিষয়ে এর বেশি কিছু জানেন না।