শোক সংবাদ

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৫২

সাইফুদ্দিন সবুজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, কমিউনিটি রেডিও ব্রডকাষ্টার, রূপান্তর খুলনার পরিচালক সাইফুদ্দিন সবুজ (৪৯) সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজিউন)। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। গত মঙ্গলবার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাসাদাদিয়ার ভুঁইয়া বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের প্রযোজক ও পরিচালক ছিলেন। এছাড়াও প্রকীর্তি মিডিয়া পাবলিকেশনের সিইও ছিলেন। তার সম্পাদনায় নারায়ণগঞ্জ থেকে পাক্ষিক ম্যাগাজিন প্রকীর্তি প্রকাশিত হত। তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন। সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিরঞ্জন কুমার সাহা

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ফজিলা রহমান মহিলা ডিগ্রি কলেজের সমাজকর্ম বিষয়ের প্রভাষক নিরঞ্জন কুমার সাহা (৫৬) মঙ্গলবার রাতে ভারতে পরলোকগমন করেন। তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পিরোজপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, বরিশাল বাকশিসের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।

শান্তি দাস

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তি দাস (৭২) ক্যানসারে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বুধবার সকালে বরিশাল মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।