না’গঞ্জে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:২৪

নারায়ণগঞ্জে এত বেশি করোনা রোগী সংক্রমিত হওয়ার পরও সেখানে করোনা টেস্টের মাধ্যমে শনাক্তের জন্য এখনো কোনো ল্যাব কিংবা রিসার্চ সেন্টার নেই জেনে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অবিলম্বে নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জে করোনা সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে তিনি এসব নির্দেশনাবলি কর্মকর্তাদের জানান। নারায়ণগঞ্জের সার্বিক করোনার চিত্র ও চিকিত্সাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিশদভাবে তুলে ধরেন নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালের আবাসিক ডাক্তার (আরএমও) সামসুদ্দোহা সঞ্চয়। প্রধানমন্ত্রীকে তিনি জানান, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১৬ জন মেডিক্যালকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার চিকিত্সারত ডাক্তারদের এন-৯৫ মাস্ক নেই। তারা ঝুঁকি নিয়েই করোনা রোগীদের চিকিত্সা করে যাচ্ছেন। তাই আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এছাড়া করোনার জন্য বিশেষায়িত খানপুর হাসপাতালে করোনার পরীক্ষার জন্য কোনো পিসিআর ল্যাব এখনো নেই। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জে করোনা এমন ভয়াবহ পরিস্থিতিতে কেন এসব করা হয়নি তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত করতে বলেন। সেখানকার কর্মকর্তাদের অবিলম্বে নারায়ণগঞ্জে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।