করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শ্রমিকের সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে হাওর অঞ্চলের বোরো ধান কাটার জন্য জরুরি ভিত্তিতে নতুন ১৮০টি কম্বাইন হারভেস্টার ও ১৩৭টি রিপার সরবরাহের বরাদ্দ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, হাওরে গমনেচ্ছুক শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা, সাবান, স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি উপকরণ দেওয়া হচ্ছে। এছাড়া নিরাপদ যাতায়াতের জন্য আলাদা গাড়ি ও স্বাস্থ্যসম্মতভাবে রাখার ব্যবস্থাও করা হয়েছে। এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। আশা করছি, হাওরে ধান কাটায় কোনো সমস্যা হবে না।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে করোনা ভাইরাস সংকটকালীন এই পরিস্থিতিতে করণীয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, করোনাকালীন সাধারণ ছুটির সময় কৃষি কার্যক্রম সক্রিয় রাখতে কৃষি মন্ত্রণালয়াধীন সব কর্মকর্তাদের স্ব স্ব কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের নিয়মিতভাবে মাঠে গিয়ে এই দুর্যোগময় অবস্থায় কৃষকের সঙ্গে, কৃষকের পাশে থাকতে বলা হয়েছে। যারা কর্মস্থলে থাকবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী জানান।
