পুঠিয়ার মেয়রের বিরুদ্ধে স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:৪৬

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলামের বিরুদ্ধে পূর্বশত্রুতার জেরে মোটরসাইকেল কেড়ে নিয়ে আবরার ইয়াসির নামে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইয়াসিরে পিতা মহিরুল ইসলাম বুধবার রাতে মেয়র রবিউল ইসলাম রবিসহ তার কর্মচারীদের বিরুদ্ধে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত ইয়াসির পুঠিয়া পিএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।  অভিযোগে বলা হয়, বুধবার ইয়াসির তার দাদির জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে পুঠিয়া সদরে যাচ্ছিল। পথে পৌরসভার সামনে পৌর মেয়র রবি তাকে থামাতে তার কর্মচারীদের নির্দেশ দেন। এ সময় মেয়রের কর্মচারী সুমন তাকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন।

কিশোরের বাবা মহিরুল বলেন, পৌর মেয়রের সঙ্গে তার ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে ছেলে ইয়াসিরকে মারধর করে মোটরসাইকেল কেড়ে নিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এদিকে কিশোরকে মারধরের অভিযোগ অস্বীকার করে মেয়র রবি দাবি করেন, ছেলেটি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় পৌরসভার সামনের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। পরে পৌরসভার কর্মচারীরা তাকে উদ্ধার করে এবং মোটরসাইকেলটি পুলিশের হাতে তুলে দিয়েছে।

পুঠিয়া থানার ওসি বলেন, ছেলেটি পুঠিয়া আড়ানী সড়কে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালাচ্ছিল। পৌরসভার লোকজন মোটরসাইকেলটি ধরে খবর দেন। পুলিশ ঐ মোটরসাইকেল উদ্ধার করে মামলা দিয়েছে। ঐ কিশোরের পিতার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।