বাবুগঞ্জেও ইউপি চেয়ারম্যানের ঘর থেকে ১৮৪ বস্তা চাল উদ্ধার

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:৫২

বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়ি থেকে বুধবার রাতে ১৮৪ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব। তার বিরুদ্ধে মামলা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। অফিস ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল অফিস জানায়, জেলেদেরকে ৪০ কেজির বস্তায় ১০ কেজি করে কম দিয়ে মজুত করে রাখা ১৮৪ বস্তা চাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলমের মালিকানাধীন ঘর থেকে উদ্ধার করেন র্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে র?্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র?্যাব-৮ এর এএসপি সুপার মুকুর চাকমা। গতকাল দুপুরে তিনি সাংবাদিকদের জানান, উদ্ধার করা ১৮৪ বস্তা চাল থানায় নেওয়া হয়েছে। এর আগে বুধবার রাতে র্যাব সদস্যরা কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় নুরে আলমের মালিকানাধীন একটি ঘরে অভিযান চালিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আত্মসাত্কৃত ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করে।

গৌরীপুর (ময়মনসিংহ) : খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১৭০ কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন, এসআই  মাইনুল রেজা। গৌরীপুর খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার বাদী হয়ে গতকাল মামলা করেছেন।

মির্জাপুর (টাঙ্গাইল) : উপজেলার ৮ নম্বর ভাদগ্রাম ইউনিয়নের দুল্যামনসুর বাজারে চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। গত সোমবার ভ্রাম্যমাণ আদালত মো. আশরাফুল আলম বাচ্চুকে হতদরিদ্রদের চাল কম দেওয়ার অভিযোগে আটক করে দেড় লাখ টাকা জরিমানা এবং ডিলারশিপ বাতিল করে। 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গতকাল দুপুরে সাপমারা ইউনিয়নের কোগারিয়ায় রাস্তার পাশে ১৪ বস্তা চাল পাওয়া গেছে। এই চাল  খাদ্যবান্ধব কর্মসূচির চাল বলে পুলিশ ধারণা করছে।

স্টাফ রিপোর্টার, বগুড়া : ত্রাণের চাল ভাগাভাগি নিয়ে বগুড়া পৌরসভার মেয়রের বাসায় হামলা, ভাঙচুরের চেষ্টাসহ দুজন কর্মচারীকে মারধরের অভিযোগে কাউন্সিলরদের বিরুদ্ধে করা মামলা চার দিনেও বগুড়া সদর থানায় রেকর্ড হয়নি। বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান কয়েক জন কাউন্সিলরের বিরুদ্ধে গত সোমবার বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন।  সদর থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, মেয়রের অভিযোগ তদন্ত করে সত্যতা মিললে তা মামলা হিসেবে রেকর্ড করা হবে।

চৌহালী (সিরাজগঞ্জ) : চৌহালীতে ১ হাজার ৯৫০ কেজি চালসহ এক ইউপি সদস্য ও আরেক চাল বিক্রেতাকে আটক করেছে প্রশাসন। তারা হলেন : খাস কাসকাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম এবং জোতপাড়া বাজারের চাল বিক্রেতা আবু বক্কার সিদ্দিক। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

হাজীগঞ্জ (চাঁদপুর) : বুধবার রাতে বাকিলা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটোয়ারি ব্যক্তি উদ্যোগে বিতরণের লক্ষ্যে ৩০০ প্যাকেট উপহারসামগ্রী প্রস্তুতির কাজ করছিলেন। ১০ কেজি চাল,  এক কেজি আলু, এক লিটার  তেল ও এক কেজি ছোলা দিয়ে এ প্যাকেট বানানো হচ্ছিল।  এ সময় সেখানে হঠাত্ প্রশাসন অভিযান চালায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিন সদস্যবিশিষ্ট তদন্ত  কমিটি করে।

মেলান্দহ (জামালপুর) : মেলান্দহের নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামে জাহানারা বেগম  খাদ্যবান্ধব কর্মসূচির চাল কেনায় এক মহিলাকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গোবিন্দগঞ্জে পাচার করার সময় ১৮বস্তা চাল ও ডিলারসহ  ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার উপজেলার সাপমারা ইউনিয়নের কোগাড়িয়া এলাকা থেকে এসব চাল জব্দ করে পুলিশ।