রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিবেদক ও আইনজীবী তুহিন হাওলাদারকে বেধড়ক মারধর করেছে পুলিশ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর টিকাটুলির কে এম দাস রোডে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত পুলিশ সদস্য এসআই মাহবুবুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
আহত সাংবাদিক ও আইনজীবী তুহিন হাওলাদার জানান, দুপুরে তিনি গ্রিন লাইফ হাসপাতালে অসুস্থ চাচাকে দেখে কে এম দাস রোডের বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছানোর পর ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ এক জন পুলিশ ও এক জন আনসার সদস্য তার মোটরবাইক থামাতে বলেন। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছে বলেই মারধর শুরু করে। এ ঘটনায় তিনি এসআই মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসি ওয়ারী বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পরে অভিযুক্ত এসআইকে পুলিশ প্রত্যাহার করে নেয়।
