হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে অধিকতর গবেষণা চান চীনা বিজ্ঞানীরা

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০০:৪৫

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিত্সায় হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধের ব্যবহার নিয়ে একই সঙ্গে আশাবাদ ও বিতর্ক চলছে। একটি পক্ষ বলছে, এটি করোনায় চিকিত্সায় কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। তবে চীনের সর্বশেষ একটি গবেষণায় বলা হয়েছে এটি নিয়ে অধিকতর গবেষণার প্রয়োজন আছে।

চীনা গবেষকরা বলেছেন, করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের সুফল নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। তারা বলছেন, করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে এই ওষুধ প্রয়োগ করার পর প্রথাগত চিকিত্সার চেয়ে তিনি যে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এমন প্রমাণ মেলেনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে যখন প্রাণঘাতি এই ভাইরাসের চিকিত্সায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার হচ্ছে তখন চীনের এই গবেষণা প্রতিবেদনে কিছুটা হলেও হতাশা তৈরী হতে পারে। সেখানকার চিকিত্সকরা বলছেন, সাধারণ চিকিত্সায় যে কয়দিনে রোগী সুস্থ হয়েছেন হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগের পরেও একই সময়ে সুস্থ হচ্ছেন। উপরন্তু এই ওষুধ প্রয়োগের ফলে কিছু পাশ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হবার কথা জানিয়েছেন তারা। গবেষণায় বলা হয়েছে, ব্রাজিলে এই ওষুধের প্রয়োগ বন্ধ করা হয়েছে কারণ পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে দেখা গেছে রোগীদের হূদকম্পন স্বাভাবিক সময়ের চেয়ে বেড়ে গেছে।

উল্লেখ্য, কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাইড্রোক্সিক্লোরোকুইনকে ‘ম্যাজিক ওষুধ’ বলে মন্তব্য করার পর বিভিন্ন দেশে এটি নিয়ে কৌতুহল তৈরী হয় এবং প্রয়োগ শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ওষুধটির কার্যকারিতা নিয়ে গবেষনা করছে। -ডেইলি মেইল।