আসাদুজ্জামান নূরের কণ্ঠে...

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:১০

বিনোদন রিপোর্ট

 

করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে মানুষ এখন ঘরবন্দি। জরুরি প্রয়োজন ছাড়া ঘরে বসেই সময় কাটছে সবার। সময় যত দীর্ঘ হচ্ছে সেইসঙ্গে সবার একঘেঁয়েমিও শুরু হচ্ছে ঘরে থেকে। করোনার এই সময় নিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন শিল্পকর্ম। এবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের কণ্ঠে প্রকাশ পেল আবৃত্তির ভিডিও।

করোনা নিয়ে দুটি কবিতা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। এর মধ্যে একটি কবিতা হলো—‘তিনি তো তোমাদের একার ঈশ্বর নন/ তিনি হয়তো ডলফিনের আবেদন মঞ্জুর করেছেন।’

‘ঈশ্বর হোক সবার’ শিরোনামের কবিতাটি লিখেছেন মিনার বসুনীয়া। কবিতাটি নিয়ে ভিডিও নির্মাণ করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল। অন্যদিকে ‘তোমার পৃথিবী চিনতে পার না’ শিরোনামে কবিতাটি লিখেছেন কবি কামাল চৌধুরী। এতেও করোনা আক্রান্ত পৃথিবীর চিত্র তুলে ধরেছেন তিনি। দরদ ভরা কণ্ঠে এ কবিতা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই আবৃত্তির ভিডিও চিত্র। এতে দেখা যায় করোনার আঘাতে জনশূন্য পৃথিবীর বড় বড় সব শহর নিস্তব্ধ হয়ে পড়ে আছে। কবি তার পঙক্তিমালায় বলেছেন, একটি ভাইরাস কীভাবে মানুষের ক্ষমতার দম্ভকে নিঃস্ব করে দিয়েছে। কবিতার শেষাংশে রয়েছে আশার বাণী।

কেবল আবৃত্তি নয়, ধ্বনি চিত্রের এ ভিডিওটির শেষে কবিতার কয়েকটি চরণ গেয়েছেন শিল্পী নকীব খান। এ অংশটুকুর সুর ও সংগীত পরিচালনাও করেছেন তিনি। সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।