‘করোনা মোকাবেলায় আমাদের সবার প্রচেষ্টা থাকতে হবে’

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১৯:১১

বিনোদন রিপোর্ট

 

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। গতমাসে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন। ফিরেই করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর কাছে টেনেছেন দুই পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যদের। করোনা ভাইরাসের প্রকোপের জন্য এখন ঘরেই সময় কাটছে শাওনের। তবে ঘরে থেকেও নিয়মিত ফেসবুকের পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে সচেতন করে চলেছেন। এবার অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালেন শাওন।

জানা গেছে, এরইমধ্যে ধানমন্ডি, হাজারীবাগ বউবাজার এলাকায় প্রায় ১শ’ পরিবারের মধ্যে খাবার বিতরণ করেছেন তিনি। নিজের এলাকার আশেপাশের অসহায় মানুষদের বাঁচাতে তাদের নিত্য প্রয়োজনীয় খাবার পৌঁছে দিচ্ছেন এই অভিনেত্রী। শাওন বলেন, ‘অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, এদের মধ্যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন। করোনা মোকাবেলায় আমাদের সবার প্রচেষ্টা থাকতে হবে।’