শ্রীলঙ্কায় হবে আইপিএল!

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০১

স্পোর্টস ডেস্ক

অনেকটা বাধ্য হয়েই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। করোনা ভাইরাসের প্রকোপে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর। আর এই স্থগিতাদেশের ফলে, বিরাট আর্থিক লোকসানের মুখে পড়তে যাচ্ছে সংস্থাটি।

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সাহায্যের হাত বাড়িয়েছে বিসিসিআইয়ের দিকে। এসএলসির শাম্মি সিলভা আশাবাদী, দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে দেশের পরিস্থিতি। সেটা হলেই তারা শ্রীলঙ্কায় আয়োজন করতে চান আইপিএল।

শাম্মি বলেন, ‘মনে হচ্ছে, করোনা ভাইরাস থেকে ভারতের আগে শ্রীলঙ্কা মুক্তি পাবে। যদি সেটা হয়, আমরা টুর্নামেন্টটি (আইপিএল) এখানে আয়োজন করতে পারি। শিগগিরই আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠাব।’

সূচি অনুযায়ী প্রাথমিক ভাবে গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল। প্রথম ধাপে সেটা পিছিয়ে দেওয়া হয় অন্তত ১৫ এপ্রিল পর্যন্ত। পরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।

বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিসহ শীর্ষ কর্মকর্তারা গত মঙ্গলবার বৈঠক করে এই সিন্ধান্ত নেন। এরপর আইপিএলের চিফ ওপারেটিং অফিসার হেমাং আমিন বুধবার সকালে আট ফ্র্যাঞ্চাইজিকে এই সিদ্ধান্তের কথা জানান।

ভারত সরকার আগামী ৩ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানোয় নিয়মিত গ্রীষ্মকালীন সূচিতে আসরটি আয়োজন সম্ভব নয়। তবে বিসিসিআই সেক্রেটারি জয় সাহা জানান, টুর্নামেন্টটি নিরাপদ সময়ে আয়োজনের জন্য আশাবাদী তারা। বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন করা যেতে পারে বলে ধারণা অনেকের।