স্পোর্টস ডেস্ক
অন্তত সেপ্টেম্বর পর্যন্ত দর্শক উপস্থিতিতে জার্মান ফুটবল লিগের খেলাগুলো হতে পারছে না। কারণ জার্মান সরকার জানিয়েছে তারা এই সময়ের আগে জনসমাগমের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নেবে না।
বুন্দেসলিগা কর্তৃপক্ষ অবশ্য এর আগে বলেছিল তারা মে মাসে খেলা চালু করতে চায়। কিন্তু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বুধবার জানিয়েছেন করোনা ভাইরাস ঠেকাতে দেওয়া এই নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলতে চান তারা।
জার্মান সরকার জানিয়েছে তারা আগামী মাস থেকে স্কুলগুলো চালুর অনুমতি দেবে। এছাড়াও সোমবার থেকে খুলতে দেবে ছোট দোকানগুলো। কিন্তু বড় আকারের জনসমাগম ৩১ আগস্ট পর্যন্ত নিষিদ্ধ থাকবে।
গত সপ্তাহে বুন্দেসলিগা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান সেইফার্ট জানিয়েছিলেন, মে মাসের শুরুতে দর্শকবিহীন পরিবেশে খেলাগুলো শুরু হবে।
এ কারণেই শীর্ষ দুটি লিগের ক্লাবগুলো ইতিমধ্যে অনুশীলনও শুরু করেছে। খেলোয়াড়রা অবশ্য অনুশীলন করছে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মেনেই।
যদিও এখন এটা পরিষ্কার যে আগামী মাসের শুরুতে বুন্দেসলিগা চালু হচ্ছে না। কারণ সরকার পেশাদার ফুটবল লিগ চালুর ব্যাপারে আলোচনা ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে।
এ ব্যাপারে জার্মানির সবচেয়ে বড়ো রাজ্য ব্যাভারিয়ার মন্ত্রী মারকাজ সোডের বলেছেন, ‘এখন বুন্দেসলিগা কোনো আলোচনার বিষয়।’
