রাণীনগরে ত্রাণে দেওয়া হচ্ছে নানা রকম সবজি

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০৪

ন্যায্যমূল্য পেয়ে খুশি কৃষক

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে কর্মহীনদের ত্রাণে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম সবজি। এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম। আর এতে সবজির ন্যায্যমূল্য পেয়ে কৃষকেরাও খুশি।

করোনা ভাইরাস প্রতিরোধে রাণীনগর ও আত্রাই উপজেলার কর্মহীন হয়ে পড়া দিনমজুর, হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে তিনি নিজস্ব অর্থায়নে মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র চালু করে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করে আসছেন। তিনি জনসমাগম না করে কর্মহীনদের বাড়িতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। ফেসবুক, হটলাইন ও মোবাইল ফোনে কর্মহীনদের সন্ধান পেয়ে সঙ্গে সঙ্গেই বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। আর এই খাদ্যসামগ্রীতে বর্তমানে চালের সঙ্গে দেওয়া হচ্ছে বেগুন, করলা, পটোল, পেঁয়াজ, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি। করোনা ভাইরাস প্রতিরোধের কারণে সবকিছু বন্ধ হওয়ায় স্থানীয় কৃষকদের বিভিন্ন রকমের সবজি বাজারজাত করতে না পারায় নষ্ট হওয়া থেকে রক্ষা করতে এমপি এই ব্যতিক্রমী পদ্ধতি গ্রহণ করেছেন। তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে সবজিগুলো কিনে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রীর সঙ্গে বিতরণ করছেন। এতে বাজার বন্ধ থাকার পরেও সবজি বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়ায় খুশি রাণীনগর ও আত্রাই উপজেলার কৃষকেরা।

সংসদ সদস্য মো. ইসরাফিল আলম বলেন, বর্তমানে কৃষকদের বাঁচানোর স্বার্থে ত্রাণ সামগ্রীতে থাকা খাদ্য পণ্যের তালিকায় কিছু সবজি যোগ করেছি।