রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার জানান, রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের ঢাকার সাভারফেরত করোনায় আক্রান্ত একজন পোশাক শ্রমিককে গত ১২ এপ্রিল পার্শ্ববর্তী তার শ্বশুরবাড়ি কাশিমনগর থেকে আমরা উদ্ধার করি। পরে তার শ্বশুরবাড়ির লোকজন ও নিকটাত্মীয়সহ উপজেলার প্রায় ৬০ জনের নমুনা সংগ্রহ করে লক্ষ্মীপুর হয়ে চট্টগ্রামে পাঠাই। তার মধ্যে আমরা বৃহস্পতিবার রাতে জানতে পারি পোশাক শ্রমিকের পরিবারের ছয় জনসহ ১৩ জনের কোভিড-১৯ পজিটিভ আসে। এ নিয়ে রামগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন। শনাক্ত রোগীদের বিষয়ে আইইডিসিআর এর পরামর্শ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, ডাক্তারসহ করোনা শনাক্ত রোগীদের নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আশপাশের বাড়িসহ উপজেলাব্যাপী লকডাউন জোরদার করা হয়েছে।
