নিদানকাল

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:১০

এই সময়ের ছড়া 

সারওয়ার-উল-ইসলাম

 

বাবারে বাবারে বাবা, করোনা দিক থাবা                                                   

এইটা তোমরা চাও?

না চাইলে জলদি করে ঘরের ভেতর যাও।

 

মামারে মামারে মামা, গল্প-গুজব থামা

চা’র দোকানে বসে,

দু’হাত দিয়ে নাক, মুখ, চোখ কেউ না যেন ঘষে।

 

চাচারে চাচারে চাচা, দেশকে এখন বাঁচা

দু’হাত ধুতে থাক—

করোনাকে ব্লক মারি চল সবাই মুক্তি পাক।

 

খালারে খালারে খালা, নয় করোনা জ্বালা

থাকি পরিষ্কার—

আতঙ্ক নয়, হোক সচেতন সবার পরিবার।

 

চাচিরে চাচিরে চাচি,  সবার সামনে হাঁচি

দেই না, কথা পাকা—

হাঁচি এলে রুমাল নয়তো কনুইয়ে মুখ ঢাকা।

 

নানারে নানারে নানা, এখন সবার জানা

ঠান্ডা-কাশি-জ্বরে

মসজিদে কেউ যাব না আর পড়ব নামাজ ঘরে।

 

নানিরে নানিরে নানি, আমরা সবাই জানি

করোনা ভাইরাসে—

আক্রান্ত যারাই, তাদের যাব না চারপাশে।

 

দাদিরে দাদিরে দাদি, আসুন শপথ বাঁধি

করোনা ঠেকাবো—

বাঙালিরা বীরের জাতি বিশ্বকে দেখাবো।

 

কিন্তু—

 

আমরা যারা ভাই, দিন আনি দিন খাই

নিদানকালে তাদের কথা ভাবুন না সবাই।

ভাবতে থাকুন মন্ত্রী-নেতা, ব্যবসায়ী সাংসদ

খিদে লাগে, কেমনে করি খিদেটাকে বধ?