বিবিসি
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশে এখন চলছে লকডাউন। এ কারণে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে গেছে। বিভিন্ন দেশের জাতীয় পার্কগুলোতেও নেই দর্শনার্থীর আনাগোনা। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের কয়েকটি সিংহকে দেখা গেছে সড়কে সুখনিদ্রা যাপনে।
সম্প্রতি পার্কের রেঞ্জার রিচার্ড সোরির ক্যামেরায় বন্দি হয় এ ধরনের একটি ছবি। এতে দেখা যায়, বেশ কয়েকটি সিংহকে পার্কের বাইরের সড়কে নিশ্চিন্তে ঘুমাতে। ন্যাশনাল পার্কের মিডিয়া কর্মকর্তা আইজাক ফালা বলেন, সিংহ সাধারণত ঝোপঝাড়ে বিশ্রাম নিতে পছন্দ করে। কিন্তু এবার তাদের ভিন্ন আঙ্গিকে দেখা গেল। মনে হচ্ছে তারা এখন একটু নিরিবিলি স্বাধীনতা ভোগ করতে চায়। ওদের এ অবস্থায় বোঝা যাচ্ছে তারা আগের তুলনায় বেশ স্মার্ট হয়ে গেছে। করোনার কারণে দক্ষিণ আফ্রিকায় ২৩ মার্চ থেকে লকডাউন চলছে। এ কারণে সেখানকার ক্রুগার ন্যাশনাল পার্কসহ অন্যান্য পার্কও বন্ধ রয়েছে। উত্পত্তিস্থল চীনের উহান থেকে করোনা দক্ষিণ আফ্রিকায়ও হানা দিয়েছে। এখন পর্যন্ত সেখানে আড়াই হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৪৮ জন। তবে বিশ্বের অনেক দেশের তুলনায় মৃতের এই সংখ্যা অনেক কম। এর প্রধান কারণ তারা আগেভাগে কঠোর সিদ্ধান্ত নিতে পেরেছেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অনেকটা সফলতার চিহ্ন রেখে গেছেন। বেসরকারি খাত থেকে সাহায্যের প্রবাহ নিশ্চিত করে করোনা যুদ্ধে মৃত্যুকে অনেকটা কমিয়ে আনতে পেরেছেন।
