রয়টার্স
ব্রাজিলে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস মোকাবিলার পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী লুইজ এনরিক মেনদেতা। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন। গত সপ্তাহে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে লুইজ জনগণকে ঘরে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছিলেন। এ নিয়েই প্রেসিডেন্টের সঙ্গে তার বিরোধ তুঙ্গে উঠে। স্বাস্থ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রকাশ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন করোনা ভাইরাসকে ‘সামান্য ফ্লু’ বলে অ্যাখ্যা দেওয়া বোলসোনেরো। করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন দেওয়া বিভিন্ন অঞ্চলের যে গভর্নরদের লুইজ প্রশংসা করেছিলেন বোলসোনেরো তাদেরও কড়া সমালোচনা করেন। বলেন, ‘জীবন অমূল্য, কিন্তু অর্থনীতি ও চাকরি স্বাভাবিক অবস্থায় ফেরা উচিত।’ ব্রাজিলের প্রেসিডেন্ট শুরু থেকেই কোভিড-১৯ কে হালকা করে দেখছেন বলে অভিযোগ রয়েছে। করোনা ভাইরাস মোকাবিলায় অপ্রমাণিত চিকিত্সাপদ্ধতিকে উত্সাহিত করেও সমালোচিত হয়েছেন তিনি। অন্যদিকে লুইজ সারাবিশ্বে যে নীতি অনুসৃত হচ্ছে, সেই লকডাউন ও সামাজিক দূরত্বের পদক্ষেপেই আস্থা রাখতে চেয়েছিলেন।
