বান্দরবানের দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিল সেনাবাহিনী

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম এলাকায় বেসামরিক প্রশাসনের অনুরোধক্রমে ৩৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য সরকারি ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। বান্দরবান জেলার রুমা ও থানচি উপজেলার কতিপয় ইউনিয়ন দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং সেখানে যোগাযোগব্যবস্থা না থাকায় সরকারি সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিল না। এ পরিপ্রেক্ষিতে, বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ঐ সমস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য বান্দরবান সেনা রিজিয়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট সহযোগিতা কামনা করে। দুর্গম এলাকার দুস্থ মানুষদের সহায়তার জন্য গত বৃহস্পতিবার সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’-এর একটি হেলিকপ্টারযোগে এ সকল দুর্গম এলাকায় বিভিন্ন প্রকার ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

সরকারি ত্রাণসামগ্রী হাতে পেয়ে স্থানীয় ম্র্রো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ ও সাবান। এ সকল ত্রাণসামগ্রী বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডারের উপস্থিতিতে স্থানীয় হেডম্যান, কারবারী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়।