শিক্ষক পেটানো ইউপি চেয়ারম্যান পলাতক
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় মাঈন উদ্দিন আহমেদ রুবেল নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর প্রতিপক্ষরা আহত ঐ যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে থানায় পালটা মামলা দায়ের করেছে। অন্যদিকে জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কর্তৃক ঐ ইউনিয়নের মাসিকরা গ্রামের মাওলানা আজিজুর রহমানকে (মাদরাসা শিক্ষক) তার স্ত্রীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করার ৮ দিন পর বৃহস্পতিবার রাতে ঐ চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। মামলার পর থেকে ঐ চেয়ারম্যান পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, চাঁনপুর গ্রামের যুবক মাঈন উদ্দিন আহমেদ রুবেল তাকে মারধরের ঘটনায় গত ৮ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দাখিল করেন। ঐ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় গোলাম জিলানীসহ ৬ জনকে এজাহারনামীয় আসামি করে গত বুধবার রাতে অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। এ ঘটনায় আসামিপক্ষের রাকীব বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রুবেলসহ ৪ জনের বিরুদ্ধে থানায় পালটা মামলা দায়ের করেন।
অপর ঘটনায় জানা যায়, পারিবারিক কলহের কারণে ৪ সন্তানের জননী আমেনা আক্তার গত ৯ এপ্রিল তার স্বামী রাজামেহার ইউনিয়নের বেতরা দাখিল মাদরাসার শিক্ষক আজিজুর রহমানের বিরুদ্ধে ঐ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নিকট তাকে নির্যাতনের মৌখিক অভিযোগ করেন। তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান ঐ শিক্ষককে বেধড়ক পিটিয়ে জখম করলে তাকে পার্শ্ববর্তী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, শিক্ষকের অভিযোগটি যথাসময়ে থানায় রেকর্ড ও আসামিকে গ্রেফতার না করায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে বৃহস্পতিবার রাতে দেবিদ্বার থানায় তিনি যান এবং রাতেই মামলাটি রেকর্ড করা হয়। মামলার আসামি পলাতক চেয়ারম্যানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
