কুমিল্লা প্রতিনিধি
আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। করোনা মহামারির এই সময়ে বহুল কাঙ্ক্ষিত করোনা পরীক্ষার যন্ত্র রিয়েল টাইম পলিমার চেইন রি-অ্যাকশন (আরটিপিসিআর) মেশিন বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় এসে পৌঁছেছে। শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ মেশিনটি গ্রহণ করেন। আজ শনিবার থেকে কুমেকের মাইক্রোবায়োলজি বিভাগে এই মেশিনটির সংযোজন ও স্থাপন কাজ শুরু হবে। কাজ শেষে এটি পরিচালনার জন্য টেকনিক্যাল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এসব বিষয় নিশ্চিত করেন কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। তিনি বলেন, করোনা পরীক্ষার প্রতিদিনের ফলাফল ঢাকা পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে। তিনি বলেন, পরীক্ষা শুরু হলে কুমিল্লা জেলার ৬৫ লাখ লোকসহ বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীসহ ৬ জেলার অন্তত দেড় কোটি মানুষ উপকৃত হবে।
