অবৈধভাবে মজুত ও বাড়তি দামে মাস্ক বিক্রির দায়ে চার জন গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

অবৈধভাবে মজুত ও বাড়তি দামে মাস্ক বিক্রির অভিযোগে চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ। রমনা থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি করপোরেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় কার্যালয় থেকে জব্দ করা হয় মজুত করা ২৭৫ পিস করোনা টেস্টিং কিট, ৯ হাজার ৫০ পিস সাধারণ মাস্ক, ১০০ পিস এন ৯৫ মাস্ক, ১৯৮ পিস পিপিই, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০টি ক্যাপ, ১ হাজার ৪৪০টি শু-কাভার।

এ ব্যাপারে রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর মগবাজার মোড়ের চেকপোস্টে ডিউটি করছিলাম। তখন এক ব্যক্তি এসে অভিযোগ করেন বাংলামোটরের এক ব্যবসায়ী ২০টি মাস্কের মূল্য হিসেবে তার কাছ থেকে ৩০ হাজার টাকা রেখেছেন, যদিও মাস্কগুলোর প্রকৃত মূল্য মাত্র ৩ হাজার ৬০০ টাকা। বিষয়টি আমলে নিয়ে এবিসি করপোরেশনে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ করোনা প্রতিরোধী সামগ্রী পাওয়া যায়। যার মধ্যে করোনা টেস্টিং কিটও রয়েছে যা বেসরকারিভাবে পাওয়ার কথা নয়। চক্রটি অধিক মুনাফার লোভে অতি জরুরি এসব পণ্য অবৈধভাবে গুদামজাত করে রেখেছে। করোনার জরুরি চিকিত্সাসামগ্রী অবৈধভাবে মজুত করার অভিযোগে চার জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।