স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বিএনপি অহেতুক সমালোচনা করছে -----ওবায়দুল কাদের

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:২৩

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণকে কেন্দ্র করে বিএনপি অহেতুক দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সমালোচনা করছে। গতকাল শুক্রবার দুপুরে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে দেশের চলমান করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরো বলেন, ‘ডা. মঈনের মৃত্যু নিয়ে মির্জা ফখরুল সাহেব অহেতুক দেশের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করেছেন। করোনা এমন একটি ভাইরাস যা সংক্রমণ থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। বিশ্বের অনেক দেশে বহু চিকিত্সক প্রাণ হারিয়েছেন। কাজেই এ নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সমালোচনা করা মোটেও সমীচীন নয়।’

করোনায় আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের চিকিত্সকের মৃত্যুকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনায় ডাক্তার মঈনের মৃত্যুতে আমরা মর্মাহত। তবে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বিএনপি মহাসচিব তার মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করেছেন।’ তিনি বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলামকে সবিনয় জিগ্যেস করতে চাই যে, সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত। এখানে ধনী-দরিদ্র, চিকিত্সক, রাজনীতিবিদ, সমাজসেবী কেউই রেহাই পাচ্ছেন না। করোনা কাউকে রেহাই দিচ্ছে না।’ ওবায়দুল কাদের বলেন, আজকের এই দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়।

দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলায় আমাদের ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ত্রাণ বিতরণে কোনোরকম অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের কঠোর অবস্থানের কথা ইতিমধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। দলীয় পরিচয়ে কেউ ত্রাণ নিয়ে নয়ছয় করলে ছাড় দেওয়া হবে না।

সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। তুলনামূলকভাবে আমরা ইউরোপের দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে রয়েছি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এ সংকটের কালো মেঘ কেটে যাবে।