করোনার আতঙ্কে ছেড়ে গেল স্ত্রী-সন্তান, প্রতিবন্ধীর দায়িত্ব নিল পুলিশ

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:২৬

ঝিনাইদহে মহাসড়কের পাশ থেকে আশরাফুজ্জামান নামে শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে এসেছেন বলে কোনো আত্মীয়স্বজনও তাকে আশ্রয় দেয়নি। কিন্তু মানবতা দেখাল পুলিশ। চিকিত্সাসহ তার সবকিছুর দায়িত্ব নিয়েছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে গোয়ালপাড়ায় প্রতিবন্ধী এক বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। মোবাইলে ঐ ব্যক্তির আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাকে  আশ্রয় দিতে অস্বীকার করে। দায়িত্ব নেওয়ার কেউ না থাকায় ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান তার সব দায়ভার গ্রহণ করেন।

প্রতিবন্ধী আশরাফুজ্জামান জানান, তার বাড়ি ছিল শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামে। সেখান থেকে ঢাকায় চলে যান। সাভারের একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে ২০ বছর ধরে বসবাস করছেন। দুই বছর আগে বাথরুমে পড়ে গিয়ে চলার শক্তি হারান তিনি। আয়-রোজগার কমে যাওয়া আর করোনা আতঙ্কে স্ত্রী নাসিমা জামান ও ছেলে মনিরুজ্জামান ঐ ভাড়া বাসায় তাকে ফেলে রেখে চলে যায়। সেখানেই গত ২৫ দিন একা থাকার পর প্রতিবেশীদের সহযোগিতায় একটি পিকাপ ভাড়া করে ঝিনাইদহে আসেন। সেখান থেকে শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামে যান। আশা ছিল এ বিপদের দিনে আশ্রয় পাবেন। করোনা আতঙ্কে সেখানে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় হয়নি তার। পিকাপচালক তাকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে  গোয়ালপাড়ায় নামিয়ে রেখে যায় বৃহস্পতিবার সকালে। পরে পুলিশ তাকে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।

সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মিথিলা জামান জানান, তার শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়নি। ঢাকা থেকে এসেছেন। এজন্য তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, তার কোনো আত্মীয় আশ্রয় দিতে রাজি হননি। পুলিশ দায়িত্ব নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হলে তাকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে।