নাইজেরিয়ায় লকডাউন না মানায় ১৮ জনকে গুলি করে হত্যা

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২২:৩০

নতুন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন না মানায় অন্তত ১৮ জনকে গুলি করে হত্যা করেছে নাইজেরিয়ার পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা এর চেয়েও কম। বৃহস্পতিবার আলজাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, বুধবার নাইজেরিয়ার মানবাধিকার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে,  লকডাউন না মানায় পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। রাজধানী আবুজাসহ দেশটির ৩৬টি প্রদেশের ২৪টিতে           মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অন্তত ১০৫টি অভিযোগ পেয়েছেন তারা।

এসব অভিযোগের ৮টিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। যাতে পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়ভাবে লকডাউন বাস্তবায়নে দায়িত্বরত কমিটির গুলিতে ১৮ জন ব্যক্তি মারা গেছে। কমিশন আরো জানায়, এসব হত্যাকাণ্ড করোনায় মৃতের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত নাইজেরিয়ায় ৪০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১২ জনের। করোনা ঠেকাতে নাইজেরিয়া সরকার আবুজা, লাগোস, ওগুন এলাকায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে।