গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপির গানম্যান পুলিশের এএসআই কিশোর চন্দ্র সরকারের গুলিতে মো. শহিদ মিয়া (৩০) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত শহিদ কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা কারিকরপাড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে। আর গুলিবিদ্ধ মহিম উদ্দিন (৩২) ঐ একই এলাকার আব্দুল মালেকের ছেলে। শুক্রবার দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে তার ব্যবহূত পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গানম্যান কিশোর সরকার (৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ সরকারের ছেলে। নিহত শহিদ ও গুলিবিদ্ধ মহিম গানম্যান কিশোরের ঘনিষ্ঠ বন্ধু। মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু হওয়ায় প্রায়ই তারা একসঙ্গে আড্ডা দিত ও নেশা করত বলে স্থানীয়রা জানান। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়া-আজগানা সড়কের পশ্চিম পাশে উপজেলার কুতুবদিয়া এলাকায় পতিত জমিতে বসে তারা আড্ডা দেয় এবং নেশা করে। পূর্বপরিকল্পিতভাবে অথবা নেশাগ্রস্ত অবস্থায় কিশোর নিজের কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মহিমকে গুলি করেছে বলে পুলিশ ধারণা করছে। এতে শহিদের বুকের ডান পাশে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর যুবক মহিমের পেটের বাম পাশে গুলি লাগে। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এলে কিশোর দৌড়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহত শহিদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে কিশোরকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে গুলিবিদ্ধ মহিম কিশোরের কাছে টাকা পায়। টাকা দেওয়ার কথা বলে কিশোর ঐ দিন রাতে মহিমকে ঐ স্থানে দেখা করতে বলে। মহিম বন্ধু শহিদকে সঙ্গে নিয়ে কিশোরের সঙ্গে দেখা করতে একটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে যায়। এসময় কিশোর পূর্বপরিকল্পিত ভাবে তাদের ওপর গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই শহিদ নিহত ও মহিম গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলি উদ্ধার করেছে। পুলিশের একটি সূত্র জানায়, এএসআই কিশোর সরকারের স্ত্রীর সঙ্গে আহত মহিমের অবৈধ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের জন্য এটা একটা কারণ হতে পারে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার বলেন, শুক্রবার আশুলিয়া থানার শিমুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বৃহস্পতিবার সকালে কিশোর তার (মন্ত্রীর) বাসায় যায়। ঐ দিন তার ডিউটি না থাকায় পরে সে চলে আসে। তার সঙ্গে ডিউটিরত অবস্থায় কিশোরের মধ্যে কখনো উগ্রতা লক্ষ্য করা যায়নি। ডিউটিতে না থেকে অস্ত্রাগারে অস্ত্র জমা না দিয়ে কীভাবে সে পিস্তল নিয়ে তার নিজ এলাকায় গেল তা তদন্ত করে বের করতে হবে। এ হত্যাকাণ্ডের জন্য কিশোর কোনো ভাবেই ক্ষমা পাবে না। তার কৃতকর্মের বিচার অবশ্যই হবে। এতে কোনো ছাড় নেই। তিনি নিহত শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
