রাজধানীর মীরহাজীরবাগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক বাড়িওয়ালির মৃত্যু হয়েছে। আতঙ্কে ওই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ভাড়াটিয়ারা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। করোনা ভাইরাসের পরিস্থিতিতে প্রায় সারাদেশ লকডাউনের মধ্যেও ভাড়াটিয়ারা কোথায় পালিয়ে গেলেন এলাকায় তা নিয়ে চলছে আলোচনা। একই সঙ্গে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
জানা গেছে, মীরহাজীরবাগে চৌরাস্তার কাছে ওয়াসা রোডে (পাইপ রাস্তা) আলতাফ ভবনের মালিকের স্ত্রী কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার বিকালের দিকে তার অবস্থার অবনতি হয়। পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে রওনা হন। কিন্তু পথেই তিনি মারা যান। তবে হাসপাতালে না গিয়ে পরিবারের লোকজন লাশ বাড়িতে ফিরিয়ে আনেন। পরবর্তীকালে তড়িঘড়ি করে রাতেই লাশ দাফন করেন। এ ব্যাপারে মৃতের পরিবার মুখ খুলছে না।
