গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাস বা কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এ ঘোষণা দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ঐ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে রাজধানী ঢাকার তিনটি ও গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাস বা কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে।
শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মেইল পেয়েছি। শুক্রবার থেকেই প্রস্তুতির কাজ শুরু হয়েছে। চার-পাঁচ দিন সময় লাগবে। তিনি আরো জানান, ৫০০ বেডের এ হাসপাতালে বর্তমানে ৫৬ জন সাধারণ রোগী ভর্তি আছে। প্রয়োজনে তাদের অন্য হাসপাতালে শিফট করা হবে। এ হাসপাতালে ১০ বেডের আইসিইউ এবং চারটি ভেন্টিলেটর রয়েছে।
