ভারত থেকে বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার আট বিশেষ ফ্লাইট

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০০:৫২

করোনা প্রাদুর্ভাবের মধ্যে ভারতে চিকিত্সাসেবা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আটটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বেসরকারি খাতের ইউএস-বাংলা এয়ারলাইন্স। গতকাল শুক্রবার সংস্থাটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভারতে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ ও ২৩ এপ্রিল ঢাকা-কলকাতায় দুইটি ফ্লাইট ও ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল চেন্নাই-ঢাকা ছয় দিনে ছয়টি ফ্লাইট পরিচালনা করবে। প্রতিদিন দুপুর সোয়া ১২টায় চেন্নাই থেকেই ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। একইভাবে বেলা সাড়ে ১১টায় কলকাতা থেকে ফ্লাইট ছাড়বে ঢাকার উদ্দেশে। এ দুই রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

এতে আরো বলা হয়, করোনার কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে মাসখানেক ধরে আটকা রয়েছেন সহস াধিক বাংলাদেশি। আকাশপথে ফ্লাইট বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। এমতাবস্থায় বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যস্থতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিশেষ ফ্লাইটে শুধু বাংলাদেশিরা ভ্রমণ করতে পারবেন। টিকিট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।