নড়াইলে ছাত্রলীগ বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১১:৫৮

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের পরিবারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে যারা তাদের দুরাবস্থার কথা কারো কাছে বলতে পারছেন না তাদের বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।

এছাড়া দুটি হটলাইনে ফোন করলে গোপনে অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িতেও সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয় সদর ও লোহাগড়া উপজেলায় ৭২জন স্বেচ্ছাসেবক কর্মীকে সংঘঠিত করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবকরা জেলার বিভিন্ন প্রবেশ মুখে পাহারা দিচ্ছে। কেউ এসব সড়ক দিয়ে প্রবেশ করলে তাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। যাতে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়, বাইরের জেলা হতে নড়াইলে প্রবেশ করলে যাতে হোম কোয়ারেন্টিনে থাকে তার ব্যবস্থা করা ইত্যাদি।

জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তুজার সাহায্য সহযোগিতায় আমরা সাধারণ মানুষের পাশে থাকব। এ পর্যন্ত ছাত্রলীগ ৫শ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে। যতদিন এই দুর্যোগ না কাটবে ততদিন ছাত্রলীগ অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবে। তারা আরও বলেন, অনেক অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মী আছে যারা সব সময় রাজপথে থাকে কিন্তু নিজেদের অসহায়ত্বের কথা বলতে পারে না, তাদের জন্য দুটি হটলাইনের (০১৭২৮-৬৮৮৬৪০, ০১৭১২-৪৬০৫৫০) ব্যবস্থা করা হয়েছে। এই দুটি নম্বরে ফোন করলে গোপনে পৌঁছে দেয়া হচ্ছে অস্বচ্ছল ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িতে।

ইত্তেফাক/আরকেজি