টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতালের সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. এবিএম আলী হাসান জানিয়েছেন।
কুমুদিনী হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ গত ১৫ এপ্রিল প্রসবজনিত ব্যথা ও রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর গতকাল ১৭ এপ্রিল তার অপারেশন হয়। অপারেশনের পর থেকেই তার শরীরের তাপমাত্রা বেড়ে খিঁচুনি ও শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সঙ্গে সঙ্গে তাকে করোনা আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। আজ শনিবার সেখানে তিনি মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গৃহবধূ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
আরো পড়ুন: রাজশাহীতে করোনা ইউনিটে যুবকের মৃত্যু
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পর কুমুদিনী হাসপাতাল থেকে ঐ গৃহবধূর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত নিরাপত্তার স্বার্থে গৃহবধূর লাশ হাসপাতালের মর্গে রাখা হবে।
ইত্তেফাক/এএএম
