খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) ইউরোলোজি বিভাগের এক সহকারী অধ্যাপক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার খুলনা মেডিক্যাল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তার পজেটিভ ধরা পড়ে। এ নিয়ে খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো দুইজনে।
খুলনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ওই সহকারী অধ্যাপকের জ্বর, গলাব্যথা ও গায়ে ব্যথা থাকায় শনিবার ল্যাবে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে।
খুমেকের ল্যাব সূত্র জানায়, শনিবার ল্যাবে মোট ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে গত ১৪ এপ্রিল খুলনা খুলনা মহানগরীর করিমনগর এলাকার একজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছিল। তিনি বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন।
ইত্তেফাক/এসি
