স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের প্রকোপে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে, শিগগিরই নতুন করে সংকটের মুখে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর।
বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইপিএলের ১৩ তম আসর আয়োজনের জন্য বছরের শেষের দিকে একটা ফাঁকা সময় খুঁজছে। হতে পারে সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। সেক্ষেত্রে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও আইপিএল প্রায় কাছাকাছি সময়ে আয়োজনের একটা সম্ভাবনা আছে।
বিসিসিআইকে তাই সিদ্ধান্ত পাল্টানোর আহ্বান জানিয়ে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল বলেন, ‘আমরা বিরুদ্ধে যেতে পারব না। বিসিসিআই এসব দিক বিবেচনায় অনেক শক্তিশালী। আইপিএল যদি হয়েই থাকে তাহলে ওরা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের তাদের লিগে চাইবে। একই সময়ে তাহলে সিপিএল হওয়ার কোনো অর্থ নেই। আইপিএলের অনেক তারকাই সিপিএল খেলে। আমার মনে হয়, আইপিএল অবশ্যই একটি ফাঁকা সময় বের করে নেবে।’
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলো অর্থ উপার্যনের বড়ো উত্স মনে করেন রাসেল। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে যদি ক্রিকেট ফিরে তাহলে সেটা হচ্ছে প্রথম উইন্ডো। সেপ্টেম্বরে সিপিএল না খেলতে পারলে হয়তো ডিসেম্বরে খেলব আমরা। আমি অন্যদের সঙ্গে কথা বলেছি। ওরাও এটা চায়। ক্রিকেটারদের জন্য অর্থ উপার্জন করাটা গুরুত্বপূর্ণ।’
জানিয়ে রাখা ভালো, মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা ভাইরাসের প্রকোপে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এরপর ভারতকে ২১ দিনের জন্য লকডাউন করে দেওয়া হলে আরো পিছিয়ে যায় এই টুর্নামেন্ট। এবার লকডাউনের মেয়াদ বাড়িয়ে তিন মে পর্যন্ত করার পর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় এই আসর।
