ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোনো অ্যাম্বুলেন্স

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১৮

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা 

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছর যাবত্ নেই কোনো অ্যাম্বুলেন্স। এতে করোনা ভাইরাসের সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে চিকিত্সাসেবা নিতে আসা রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

২০১৩ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বরাদ্দ অ্যাম্বুলেন্সটি ২০১৭ সালের ২০ ডিসেম্বর রেফার্ড রোগী বহন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধুপুর কাকরাইদে সেনাবাহিনীর ট্যাংকের সঙ্গে সড়ক দুর্ঘটনায় অকেজো হয়ে পড়ে আছে। এ অবস্থায় ২০১৮ সালের ২৫ নভেম্বর টাঙ্গাইল সিভিল সার্জনের মাধ্যমে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি পুরাতন অ্যাম্বুলেন্স ধার করে আনে কর্তৃপক্ষ। কিন্তু ঐ অ্যাম্বুলেন্সটিও মাঝে মধ্যেই নষ্ট হয়ে পড়ে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, একটি অ্যাম্বুলেন্স খুবই দরকার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টি স্থানীয় এমপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চাহিদাপত্র দিয়ে লিখিতভাবে জানানো হয়েছে। আশা করছি কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন।