চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
করোনার সংক্রমণ রোধে চরভদ্রাসনে বন্ধ রাখা হয়েছে গোপালপুর-মৈনুট ঘাট। কিন্তু নির্দেশ অমান্য করে প্রতিদিন জেলে নৌকায় পার হচ্ছেন যাত্রীরা এমন অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে শুক্রবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছদ্মবেশে জেলে নৌকায় যাত্রী পারাপারের সঙ্গে জড়িত এক জনকে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে রফিক শিকদার।
ঐ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। গোপালপুর-মৈনট ফেরিঘাটের যাত্রী পারাপার বন্ধ থাকা সত্ত্বেও প্রতিদিন জেলে নৌকায় যাত্রী পার হচ্ছে এমন অভিযোগ ওঠে। এর সঙ্গে চরঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের রফিক শিকদার জড়িত বলে প্রশাসনের কাছে অভিযোগ যায়। রফিককে ধরার জন্য বার বার ভ্রম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলেও সে ধরাছোয়ার বাইরে ছিল। অবশেষে ঐদিন কৃষকের ছদ্মবেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গীরা কাজীবাড়ীর ঘাট এলাকায় অবস্থান নেন। এ সময় রফিককে আটক ও দণ্ড দেওয়া হয়।
